
যশোরের অভয়নগরে গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী আঞ্চলিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার ধোপাধি উলুর বটতলা এলাকায় জলাবদ্ধ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দূর-দূরান্ত থেকে প্রায় ৪০টি সুসজ্জিত নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রামবাংলার প্রাচীন এ ঐতিহ্যবাহী আয়োজন দেখতে মাঠের চারপাশে ভিড় করেন হাজারো দর্শনার্থী। প্রতিযোগিতাকে ঘিরে পুরো এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
আয়োজকেরা জানান, প্রতিযোগিতায় তিনটি রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিটি রাউন্ডেই অংশগ্রহণকারী নৌকাগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা। বৈঠার তালে তালে নৌকার ছুটে চলা উপভোগ করেন দর্শনার্থীরা। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে আক্তার হোসেনের ‘রকেট’ নৌকা প্রথম স্থান অধিকার করে। মইনুদ্দিন গাজীর ‘গাজী মৎস্য’ নৌকা দ্বিতীয় এবং বিপ্রজিৎ বিশ্বাসের ‘রুপার তরী’ তৃতীয় স্থান অর্জন করে।
প্রতিযোগিতা শেষে আয়োজক কমিটির সদস্যরা বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন। প্রথম পুরস্কার হিসেবে নগদ ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসেবে ৩ হাজার টাকা দেওয়া হয়।
স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শনার্থীরা বলেন, নৌকা বাইচ গ্রামবাংলার অন্যতম প্রাচীন লোকজ ঐতিহ্য। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসা এ সংস্কৃতিকে টিকিয়ে রাখতে প্রতিবছর এমন আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন। ঐতিহ্যবাহী এ উৎসবের বর্ণিল আয়োজন প্রতিবছর আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা তাঁদের।