
যশোরের অভয়নগরে ১৭ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটের দিকে অভয়নগর উপজেলার বাশুয়াড়ী গ্রামের ধলুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লা কোতোয়ালি থানার গোলাবাড়ী এলাকার পাভেল ভূইয়া ওরফে মিন্টু (৩৫), খুলনার দৌলতপুর থানার মানিকতলা পশ্চিম সেনপাড়া এলাকার সুমন মিনা (৩০) এবং কুমিল্লার তিতাস থানার শাহাপুর এলাকার মিজান মিয়া (৩১)।
অভয়নগর থানার পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুজ্জামানের নেতৃত্বে বাশুয়াড়ী পুলিশ ক্যাম্পের এসআই মো. নাসির উদ্দিনের সমন্বয়ে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ধলুর চৌরাস্তা পাকা সড়কে একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ি থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
তিনি আরও জানান, অভিযানে ১৭ কেজি গাঁজার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে রোববার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।