
অসহায় ও অসচ্ছল মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ। এক বয়স্ক ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর অসুস্থ স্ত্রীর চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার উপহার দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের পক্ষ থেকে ওই বয়স্ক ব্যক্তির হাতে হুইলচেয়ারটি তুলে দেন প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।
জানা যায়, কিছুদিন আগে ওই বয়স্ক ব্যক্তি তাঁর অসুস্থ ও অসচ্ছল পরিবারের দুরবস্থার কথা জানিয়ে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে তাঁর স্ত্রী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে একটি হুইলচেয়ার কেনার সামর্থ্যও তাঁদের নেই। তাই স্ত্রীর চলাচলের সুবিধার্থে তিনি একটি হুইলচেয়ার সহযোগিতার আবেদন জানান।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম তাঁকে হুইলচেয়ার দেওয়ার আশ্বাস দেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী সোমবার জেলা পরিষদের পক্ষ থেকে হুইলচেয়ারটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।
জেলা পরিষদের এ মানবিক সহায়তায় অসুস্থ নারীটির দৈনন্দিন চলাফেরা সহজ হবে বলে আশা করা হচ্ছে। অসহায় পরিবারের আবেদনে সাড়া দিয়ে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয়ভাবে মানবিকতার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, সাধারণ মানুষের প্রয়োজন ও অসহায়ত্বকে গুরুত্ব দিয়ে জেলা পরিষদের এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।