
অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে বাজারে গিয়েছিলেন সাংবাদিক ইব্রাহিম খলিল। কিন্তু বাড়ি ফেরা হয়নি তাঁর। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে একদল দুর্বৃত্তের পরিকল্পিত ‘মব’ ও হামলার শিকার হয়েছেন তিনি। মারধরের পর ছিনিয়ে নেওয়া হয় তাঁর সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন, আর পেশাগত কাজের ক্যামেরাটি ভেঙে ফেলে দেওয়া হয় পুকুরের পানিতে। এখানেই শেষ নয়; রাজনৈতিক তকমা লাগিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হলে পুরোনো একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
গত বুধবার (১৮ নভেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বঙ্গবন্ধু সুপার মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে। কারাগারে পাঠানো ইব্রাহিম খলিল দৈনিক ‘আলোকিত প্রতিদিন’-এর নিজস্ব প্রতিবেদক এবং শ্যামনগর উপজেলার বাদঘাটা গ্রামের আব্দুল কাদেরের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্যামনগরের খোলপেটুয়া ও গলঘেসিয়া নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছিল একটি প্রভাবশালী চক্র। এই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করেন সাংবাদিক ইব্রাহিম খলিল।
ওই সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জামান পলক। অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ, বালু উত্তোলন বন্ধ ঘোষণা এবং ড্রেজার মালিক আনিসুর রহমানকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মূলত ওই অভিযানের পর থেকেই ইব্রাহিম খলিলের ওপর ক্ষিপ্ত ছিল চক্রটি।
ইব্রাহিম খলিল পেশাগত কারণে দীর্ঘদিন সাতক্ষীরা জেলা শহরে বসবাস করেন। বাবার অসুস্থতার খবর পেয়ে গত বুধবার সকালে তিনি শ্যামনগরের গ্রামের বাড়িতে যান। রাত সাড়ে ৯টার দিকে বাবার ওষুধ কেনার জন্য বঙ্গবন্ধু সুপার মার্কেটে গেলে আগে থেকে ওত পেতে থাকা ১০-১৫ জনের একটি দল তাঁকে ঘিরে ধরে।
ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, শ্যামনগর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম দুলু ও যুগ্ম আহ্বায়ক জিএম হাবিবুল্লাহর নেতৃত্বে জাসাস নেতা রাহানুল ইসলাম, যুবদল নেতা হাফিজ আল আসাদ কল্লোল, আব্দুল্লাহ, বিএনপি নেতা নুরুজ্জামান ও মমিনুর রহমানসহ কয়েকজন তাঁকে মারধর শুরু করেন।
এ সময় তাঁরা ‘আওয়ামী লীগ করিস’ বলে চিৎকার করে এলাকায় ‘মব’ বা উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন। একপর্যায়ে তাঁর কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় এবং ক্যামেরাটি ভেঙে পুকুরে ফেলে দেওয়া হয়। পরে রক্তাক্ত ও বিপর্যস্ত অবস্থায় তাঁকে শ্যামনগর থানায় সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, থানায় সোপর্দ করার পর ইব্রাহিম খলিলকে শ্যামনগর থানার গত ৩ জুন তারিখের একটি নাশকতা মামলায় (মামলা নং-৫) গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা তাঁকে ধরে থানায় সোপর্দ করেছেন। এরপর তাঁকে আগের একটি নাশকতা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর বাইরে আমি আর কিছু জানি না।’
সাতক্ষীরা পুলিশ সুপার (এসপি) আবু সালেহ আশরাফুল আলম বলেন, আটক ব্যক্তি যে একজন সাংবাদিক, তা আগে আমার জানা ছিল না। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মী পরিচয়ে স্থানীয় নেতাকর্মীরা তাঁকে থানায় সোপর্দ করেছিলেন।
পেশাগত দায়িত্ব পালনের জেরে একজন সাংবাদিককে এভাবে হেনস্তা, মালামাল লুট এবং মিথ্যা মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর ঘটনায় সাতক্ষীরার সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলার কর্মরত সাংবাদিকরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ইব্রাহিম খলিলের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।