
আগামী মাসের প্রথম সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ দল। তবে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল টাইগাররা। চোটের কারণে দলে থাকা তরুণ পেসার নাহিদ রানা পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও, একাধিক ক্রিকেটারের চোটের কারণে স্কোয়াড চূড়ান্ত করতে কিছুটা সময় নিচ্ছে। এরই মধ্যে বিশ্বস্ত একটি সূত্র নিশ্চিত করেছে, সাইড স্ট্রেইনের চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না নাহিদ রানার। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান ২৩ বছর বয়সী এই গতিতারকা। পরবর্তী স্ক্যান রিপোর্টে তার গ্রেড-২ সাইড স্ট্রেইন ধরা পড়ে। চিকিৎসকদের মতে, এ ধরনের চোট থেকে সেরে উঠতে এক মাসেরও বেশি সময় লাগবে।
অস্ট্রেলিয়া সিরিজের আগে নাহিদ রানাকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল দেশটির সংবাদমাধ্যমও। দ্য সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে তার ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির বোলিং, বাড়তি বাউন্স এবং নিয়ন্ত্রিত লাইন-লেন্থের প্রশংসা করে তাকে বাংলাদেশের অন্যতম বড় অস্ত্র হিসেবে উল্লেখ করেছিল। অন্যদিকে, লিটন দাসের চোট নিয়ে স্বস্তির খবর মিলেছে। তার স্ক্যান রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তার খেলার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল।
আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ২২ আগস্ট ম্যাকাইয়ে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত এই সিরিজটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। কারণ, ২০০৩ সালের পর প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ।