
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শহরের রেলগেট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম কাঁদু, সহসাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, প্রচার সম্পাদক রিয়েল হোসেন, যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ রানা ও ওয়ার্ড ছাত্রদল নেতা জোসসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল শেষে সার্কিট হাউস মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন। বক্তারা আওয়ামী লীগের ডাকা হরতালের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।