
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন নিহত হওয়ার ঘটনার জেরে আবারও হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
তেহরান জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কথিত চুক্তির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর প্রতিক্রিয়ায় কৌশলগত এই নৌপথে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি।
আইআরজিসির নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না। একই সঙ্গে নৌপথের কাছাকাছি না যেতে জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে। সতর্কতা অমান্য করলে নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
বিবৃতিতে আইআরজিসি লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান এবং ওয়াশিংটনের যুদ্ধবিরতি সংক্রান্ত প্রতিশ্রুতি লঙ্ঘনকে এই সিদ্ধান্তের মূল কারণ হিসেবে উল্লেখ করেছে।
হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নৌপথ, যা নিয়ে এ ধরনের ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।