
সাতক্ষীরা সদর উপজেলার ৭ নম্বর আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লায় চলছে আলোচনা। এরই মধ্যে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফের বড় পৌত্র সামির সোয়েব রাদমি।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। এলাকার উন্নয়ন, জননিরাপত্তা, ব্যক্তিগত যোগ্যতা, সততা ও অতীতের জনসেবামূলক কর্মকাণ্ডকে গুরুত্ব দিয়ে প্রার্থীদের মূল্যায়ন করছেন সাধারণ ভোটাররা। স্থানীয়দের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় রাজনীতির পাশাপাশি প্রার্থীর ব্যক্তিগত পরিচিতি, মানুষের বিপদে পাশে থাকার মানসিকতা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার সক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
আলিপুর ইউনিয়নের কয়েকজন ভোটার জানান, ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তাঁরা যোগ্য, শিক্ষিত, সৎ ও জনবান্ধব নেতৃত্ব প্রত্যাশা করেন। এ ক্ষেত্রে তরুণ প্রার্থী সামির সোয়েব রাদমিকে নিয়ে তাঁদের মধ্যে আলোচনা রয়েছে। তাঁদের প্রত্যাশা, তিনি নির্বাচিত হলে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফের অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি ইউনিয়নকে মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবেন।
স্থানীয় ভোটার আজগার আলী, নুরুল ইসলাম, রেজাউল ইসলাম ও জাকির হোসেনসহ কয়েকজন বলেন, এলাকার উন্নয়ন ও নিরাপত্তার স্বার্থে তাঁরা এমন একজন চেয়ারম্যান চান, যিনি সাধারণ মানুষের পাশে থাকবেন এবং ইউনিয়নের সমস্যা সমাধানে আন্তরিকভাবে কাজ করবেন। তাঁদের ভাষ্য, রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা দলের সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয় থাকলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা পাওয়া সহজ হতে পারে। এ বিবেচনায় তাঁরা সামির সোয়েব রাদমিরকে নিয়ে আশাবাদী।
সামির সোয়েব রাদমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবং জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফের বড় পৌত্র। আব্দুর রউফ আলিপুর ইউনিয়নের সাবেক ও একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্থানীয়দের একাংশের প্রত্যাশা, আব্দুর রউফের পরিবারের অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে সামির সোয়েব রাদমি ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে পারবেন। বিশেষ করে মাদকমুক্ত পরিবেশ, শিক্ষার প্রসার, গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলোকে তাঁরা গুরুত্ব দিচ্ছেন।
তবে আসন্ন আলিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেষ পর্যন্ত কারা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং ভোটাররা কাকে নির্বাচিত করবেন, তা নির্ভর করবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া, প্রার্থীদের কর্মকাণ্ড ও ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।