
আসন্ন ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ৭ নম্বর আলিপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। চায়ের দোকান, হাটবাজার থেকে শুরু করে পাড়া-মহল্লায় এখন নির্বাচনী আলোচনা। সম্ভাব্য প্রার্থীরাও ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রউফের পৌত্র সামির সোয়েব রাদমি।
স্থানীয় সূত্রে জানা গেছে, আলহাজ মো. আব্দুর রউফ আলিপুর ইউনিয়নে একাধিকবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাঁর পরিবারের দীর্ঘদিনের জনপ্রতিনিধিত্ব ও স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবার চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা করছেন সামির সোয়েব রাদমি। তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করছেন।
স্থানীয়দের কেউ কেউ মনে করছেন, তরুণ প্রার্থী হিসেবে সামির সোয়েব রাদমি নির্বাচনে আলোচনায় আসতে পারেন। তবে নির্বাচনে তাঁর অবস্থান নির্ভর করবে ভোটারদের সমর্থন, প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতি এবং স্থানীয় উন্নয়ন ও জনসেবার বিষয়ে তাঁদের পরিকল্পনার ওপর।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আলহাজ মো. আব্দুর রউফ চেয়ারম্যান থাকাকালে আলিপুর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হয়েছে। তাঁদের দাবি, রাস্তাঘাট, সেতু-কালভার্ট, মসজিদ, মাদ্রাসা, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে তাঁর ভূমিকা ছিল। এ ছাড়া শাঁখরা-কোমরপুর সেতু সংস্কারসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের কথাও উল্লেখ করেন তাঁরা। এসব কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা থেকেই সামির সোয়েব রাদমিকে নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে আলোচনা চলছে।
স্থানীয়দের আরও দাবি, তরুণদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণের মতো উদ্যোগে সামির সোয়েব রাদমি যুক্ত রয়েছেন। তবে এসব কার্যক্রমের বিস্তারিত তথ্য ও সংশ্লিষ্ট নথি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে সামির সোয়েব রাদমি বলেন, আমার দাদুর অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে এবং আলিপুর ইউনিয়নকে একটি মডেল, মাদকমুক্ত ও শিক্ষাবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি ইউনিয়নবাসীর দোয়া ও ভালোবাসা চাই।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত মানুষের অধিকার আদায় এবং তাঁদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। পরিবার ও স্বজনদের পরামর্শের পাশাপাশি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন পেলে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে নীতি ও সততার সঙ্গে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকব। স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে আলিপুর ইউনিয়নে আধুনিক নাগরিকসেবা সম্প্রসারণ, শিক্ষা ও উন্নয়ন কার্যক্রম জোরদার এবং সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
সামির সোয়েব রাদমিরের প্রত্যাশা, ইউনিয়নবাসীর সমর্থন পেলে তিনি তাঁদের পাশে থেকে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন। অন্যদিকে, আসন্ন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে, তা নির্ভর করবে নির্বাচনের তফসিল, প্রার্থীদের অংশগ্রহণ এবং ভোটারদের সিদ্ধান্তের ওপর।