
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন যশোরের দুই তরুণ। তাঁদের একজন শাকিব শারিয়ার, অন্যজন রাফে সালমান রিফাত। গত ২৩ অক্টোবর ২০২৫ সালে প্রকাশিত ১৯৫ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে তাঁরা পৃথক পদে দায়িত্ব পান।
শাকিব শারিয়ার যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের কৃতী সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বাংলাদেশের বৃহত্তম অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান স্কুল অব এক্সিলেন্সের সহপ্রতিষ্ঠাতা ও পরিচালক। এনসিপির কেন্দ্রীয় কমিটিতে তিনি সহশিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি দলটির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন।
অন্যদিকে, যশোর সদরের লাউজনি গ্রামের কৃতী সন্তান রাফে সালমান রিফাত এনসিপির কেন্দ্রীয় কমিটিতে ডায়াসপোরা অ্যালায়েন্সের সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ছিলেন।
পেশাগত জীবনে রাফে সালমান রিফাত ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রভাষক ছিলেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য তিনি চীনে অবস্থান করছেন।
জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটিতে যশোরের দুই তরুণের এ দায়িত্বপ্রাপ্তি তাঁদের নিজ এলাকা ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।