
বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ বোর্ডের যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন নড়াইলের নড়াগাতী এলাকার বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মুফতি মঈন উদ্দীন। রোববার (১৪ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বোর্ড কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
বোর্ড সূত্রে জানা যায়, কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। যুগ্ম মহাসচিব হিসেবে নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহল থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
অভিনন্দন বার্তায় বলা হয়, এ দায়িত্ব শুধু একটি সাংগঠনিক পদ নয়; বরং দেশের কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, হাজারো শিক্ষক-শিক্ষার্থী এবং দ্বীনি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ আমানত। তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে বোর্ডের কার্যক্রম আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
মুফতি মঈন উদ্দীন বর্তমানে গোপালগঞ্জের জামিয়া ইসলামিয়া (স্নাতকোত্তর) দারুল উলুম শর্ট কোর্স মাদ্রাসা এবং সবুজবাগ মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি গোপালগঞ্জ, নড়াইল ও বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার ও দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এ নির্বাচনে নড়াইলসহ সংশ্লিষ্ট অঞ্চলের ধর্মীয় ও শিক্ষাঙ্গনে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।