
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে শূন্যরেখায় অবস্থান করা আলোচিত বৃদ্ধ ষষ্ঠি চন্দ্র বর্মনকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে শূন্যরেখা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। প্রায় ২৪ ঘণ্টা তিনি নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছিলেন।
পরে তাকে বকশীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া বৃদ্ধের নাম ষষ্ঠি চন্দ্র বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামের বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যরা বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরে পরিচয় যাচাই-বাছাই শেষে তাকে সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা নিয়ে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি সীমান্তজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন বলেন, বৃদ্ধকে থানায় আনা হয়েছে। বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।