
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক অসহায় পরিবারকে এক সপ্তাহ ধরে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। উপজেলার ১ নম্বর কৃষ্ণনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মান্দার তোলা নামক স্থানে এই অমানবিক ঘটনাটি ঘটেছে।
অবরুদ্ধ পরিবারের সদস্যদের আহাজারিতে ওই এলাকার বাতাস ভারী হয়ে উঠলেও এখনো মেলেনি কোনো প্রতিকার। স্থানীয় সচেতন মহল প্রশ্ন তুলেছেন ‘মানবতা আজ কোথায়?’
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মান্দার তোলা এলাকার ওই বাসিন্দা ও তার পরিবার দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক জমির ওপর দিয়ে স্বাভাবিকভাবে যাতায়াত করে আসছিলেন। কিন্তু অতি সম্প্রতি ওই জমির ওপর কুদৃষ্টি পড়ে স্থানীয় কথিত ভূমি দস্যু মজিদ সরদার ও তার বাহিনীর। তারা জমিটি অবৈধভাবে দখলের পাঁয়তারা শুরু করে।
এরই ধারাবাহিকতায়, গত এক সপ্তাহ ধরে মজিদ ও ফারুক ও তাদের বাহিনীর সদস্যরা ওই পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় এবং তাদের অবরুদ্ধ বা গৃহবন্দী করে রাখে। ঘর থেকে বের হলেই তাদের ওপর হামলা প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। ফলে এক সপ্তাহ ধরে চরম খাদ্যসংকট ও চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন নারী ও শিশুসহ পরিবারের সদস্যরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ওই পরিবারটি এই পথ ব্যবহার করছে। কিন্তু মজিদ ও ফারুক তাদের বাহিনীর ভয়ে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছে না। তারা প্রশাসনের কাছে দ্রুত এই অসহায় পরিবারটিকে উদ্ধার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
এই বিষয়ে জানতে অভিযুক্ত মজিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগী পরিবারটি এই অমানবিক পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং নিজেদের জানমালের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।