
নড়াইলের কালিয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত সোহেল ও শাহীন নামে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে তাঁদের মৃত্যুর বিষয়টি হাসপাতাল কিংবা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (১৮ নভেম্বর) কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রায় ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল ও গাড়ি নিয়ে একটি প্রতিবাদী শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি পৌরসভার বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে সেখানে অতর্কিত হামলার ঘটনা ঘটে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চার শতাধিক নেতাকর্মী তাঁদের শোভাযাত্রায় হামলা চালান। এ সময় হামলাকারীরা নেতাকর্মীদের ওপর আক্রমণ করেন এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে ঘটনাস্থলে আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান (৪২), কালিয়া উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন (৪৫) এবং বিএনপি নেতা সোহেল (৩৫) রয়েছেন। তাঁদের কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে শাহীন ও সোহেলের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়।
পরবর্তী সময়ে গুরুতর আহত সোহেল ও শাহীনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। সোহেল বড় কালিয়া গ্রামের মরহুম মোতালেব মোল্লার ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাঁদের মৃত্যুর বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল কিংবা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে হামলার জন্য আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দায়ী করে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হলেও পুলিশি তদন্তে এখনো কারও সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি।
ঘটনার বিষয়ে জানতে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
ঘটনার প্রকৃত কারণ, হামলাকারীদের পরিচয়, ক্ষয়ক্ষতি এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পুলিশি তদন্ত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।