
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থী ফাইয়াজ করিম নিলয় আর নেই। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভোগার পর চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার (১৩ জুন) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাচাতো ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জামিলুর রহমান।
পরিবার ও স্বজন সূত্রে জানা যায়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হওয়া ফাইয়াজ করিম নিলয় দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। একপর্যায়ে তার দুটি কিডনিই বিকল হয়ে যায়। শারীরিক অসুস্থতার কারণে তিনি পরবর্তী শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সঙ্গে পুনরায় ভর্তি (রি-অ্যাডমিশন) নিয়ে কিছুদিন ক্লাসও করেছিলেন।
পরিবার সূত্রে আরও জানা যায়, তিন থেকে চার দিন আগে কিডনির ডায়ালাইসিস করাতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হন। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ফাইয়াজ করিম নিলয়ের অকাল মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্টদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।