
যশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিরুদ্ধে অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পৌর বিএনপির উদ্যোগে কেশবপুর শহরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শহরের বিএনপির প্রধান কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, বক্তব্য দেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম।
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুল আলম বুলবুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের ৯টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।