
যশোরের কেশবপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণের অভিযোগে মোজাহিদ হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বাগদহা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার মোজাহিদ হোসেন বাগদহা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, গত ১১ জুন কেশবপুর উপজেলার পরচক্রা ও সোনাতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা পৃথক বিক্ষোভ মিছিল করেন। মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এ ঘটনায় উপজেলার মির্জানগর গ্রামের বিএনপি নেতা আকরাম হোসেন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ থেকে ৭০ জনকে আসামি করে কেশবপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে পুলিশ অভিযান চালিয়ে একে একে আসামিদের গ্রেফতার করছে।
পুলিশ জানায়, এ মামলায় এর আগে সাতজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম খান (৬০), ছাত্রলীগের সক্রিয় সদস্য রফিকুল ইসলাম (১৮), যুবলীগ সদস্য আব্দুল জলিল (৪৫), ছলেমান সরদার (৪৫), পৌর যুবলীগের সদস্য নজরুল ইসলাম (৩৮), সদর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম (৪২) এবং সরোজিত দাস (৪১)।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খাতুন জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মিছিলে অংশগ্রহণের অভিযোগে মোজাহিদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।