
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া ধর্মপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসায় পরিচালনা কমিটি গঠনসংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে এনটিভি অনলাইনের মনিরামপুর-কেশবপুর প্রতিনিধি এনামুল হাসানের ওপর হামলা ও তার মোবাইল ফোন ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাব।
সংগঠনটির নেতারা জানান, মাদ্রাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে এনামুল হাসান সেখানে সংবাদ সংগ্রহে যান। এ সময় তার ওপর হামলা চালানো হয় এবং ভিডিও ধারণে বাধা দিতে তার ব্যবহৃত মোবাইল ফোন ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী বলেন, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে কথা হয়েছে এবং দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়া গেছে। ক্লাবের সভাপতি জাকির হোসেন বলেন, হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত।
প্রতিষ্ঠাতা সদস্য ও সহসভাপতি এস এম তাজাম্মুল বলেন, তথ্য সংগ্রহে বাধা দেওয়া এবং মোবাইল ফোন ভাঙচুর স্বাধীন সাংবাদিকতার জন্য অশুভ সংকেত। দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত করা না হলে সাংবাদিকরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর কেশবপুর, মণিরামপুরসহ দেশের বিভিন্ন স্থানে কর্মরত সাংবাদিক ও সচেতন নাগরিকরা এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন। তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্ট পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।