
যশোর সদর উপজেলার ১১ নম্বর রামনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহাবাটি গ্রামে ক্যান্সারে আক্রান্ত অসুস্থ ট্রাকচালক ওয়াজেদ আলী গাজীকে আর্থিক সহায়তা প্রদান করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদুর রহমান শামীম।
এ সময় তিনি অসুস্থ ওয়াজেদ আলী গাজীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন। মানবিক দায়িত্ববোধ থেকে অসুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবেই তিনি এ সহায়তা প্রদান করেন।
এদিন মাসুদুর রহমান শামীম শাহাবাটি গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের বিভিন্ন সমস্যা, দুঃখ-দুর্দশা, প্রাপ্তি-অপ্রাপ্তি ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। এলাকার মানুষের অভাব-অভিযোগ ও উন্নয়নসংক্রান্ত সমস্যাগুলো সমাধানে তাঁদের মতামতও গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
শাহাবাটি গ্রামের গণসংযোগ শেষে একই দিন তিনি বাজুয়াডাঙ্গা গ্রামেও গণসংযোগ করেন। এ সময় স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময়ের মধ্য দিয়ে এলাকার সার্বিক পরিস্থিতি এবং জনসাধারণের প্রত্যাশার কথা জানার চেষ্টা করেন।
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে তাঁদের সুখ-দুঃখের সঙ্গী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।