
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীতে চলমান সড়ক অবরোধ ও অচলাবস্থার প্রভাবে খাদ্যসংকটের আশঙ্কা দেখা দিয়েছে। পর্যটনকেন্দ্রিক এই জনপদে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন ও সরবরাহ ব্যাহত হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী, রিসোর্টকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বেগের মধ্যে রয়েছেন। এ পরিস্থিতি দ্রুত নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সাজেকের মুদি দোকানদাররা জানান দীর্ঘ এক সপ্তাহর বেশি অবরোধ থাকায় পূর্ববর্তী দোকানে থাকা চাল, ডাল, তেল, শাকসবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় শেষ হওয়ায় এবং নতুন করে সরবারাহের ব্যবস্থা না থাকায় স্থানীয় মানুষদের নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে বলে জানেন । তারা আরো বলেন দীর্ঘ সময় ধরে অচলাবস্থা চলতে থাকলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠতে পারে। বিশেষ করে সীমিত আয়ের পরিবার ও পর্যটন খাতের ওপর নির্ভরশীল মানুষেরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ার আশঙ্কা করছেন।
সাজেক ২নং ওয়ার্ডের মেম্বার অনিত্য ত্রিপুরা বলেন সাজেকের পর্যটন ব্যবসার সঙ্গে জড়িত অনেক মানুষের জীবিকাও বর্তমানে অনিশ্চয়তার মুখে। পর্যটক চলাচল ব্যাহত হওয়ায় রিসোর্ট, হোটেল, রেস্তোরাঁ, পরিবহনসেবা এবং ক্ষুদ্র ব্যবসার স্বাভাবিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে আয়-রোজগার কমে যাওয়ার পাশাপাশি পরিবারগুলোর নিত্যপ্রয়োজনীয় ব্যয় মেটানোও কঠিন হয়ে উঠতে পারে।
স্থানীয়দের বক্তব্য চলমান পরিস্থিতির দ্রুত সমাধান না হলে খাদ্য সরবরাহের সংকটের পাশাপাশি পর্যটনশিল্প ও স্থানীয় অর্থনীতিতে দীর্ঘমেয়াদি ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট প্রশাসন, জনপ্রতিনিধি ও দায়িত্বশীল পক্ষগুলোর মধ্যে কার্যকর আলোচনা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা জরুরি।
স্থানীয় জনপ্রতিনিধিগণ বলেন এই ধরনের পরিস্থিতিতে সাধারণ মানুষের খাদ্যনিরাপত্তা, জীবন-জীবিকা ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে হবে। একই সঙ্গে চলমান সমস্যার শান্তিপূর্ণ সমাধান করে সাজেকের সঙ্গে যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করা প্রয়োজন।
স্থানীয়দের দাবি, দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে খাদ্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং সাজেকের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনা হোক।