
খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মো. মেহেদী হাসান মমি (২৩) ও তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। বুধবার (২৬ আগস্ট) সকালে নগরের দৌলতপুর থানার দত্তবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান মমি, জামিল হোসেন (৩০), লিটন সরদার (৩৫) ও সুজয় রায় (২৫)। তাঁদের সবার বাড়ি খুলনার দৌলতপুর থানার পাবলা দত্তবাড়ি এলাকায়।
র্যাব-৬ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে র্যাব-৬-এর স্পেশাল কোম্পানির একটি দল দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের তরুণ সেনা রোড এলাকায় অভিযান চালায়। এ সময় জাফর শেখের টিনশেডের ভাড়াটিয়া শিপর সরদারের ঘর থেকে মমিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা মহানগরীর বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদক, হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে থাকা মামলার তথ্য পুলিশের অপরাধী তথ্য ও পিসি-পিআর যাচাই করে পাওয়া গেছে।
র্যাব-৬ জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাঁদের খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দৌলতপুর থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব।