
খুলনার আলোচিত সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র সক্রিয় সদস্য, শীর্ষ সন্ত্রাসী ও মাদক সরবরাহের হোতা হিসেবে পরিচিত শুটার ইমরানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ ও এসআরবি-২-এর যৌথ আভিযানিক দল। এ সময় তাঁদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ইমরান (৪০) খুলনার রূপসা উপজেলার দেওয়ারা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। অন্য গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইমন খান (২১), আল আমিন (২০), রফিকুল ইসলাম (২১) ও হানিফ সিকদার (১৯)। তাঁদের সবার বাড়ি খুলনার রূপসা উপজেলার বিভিন্ন এলাকায়।
এসআরবি'র প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ইমরান খুলনার সন্ত্রাসী গ্রুপ ‘বি-কোম্পানি’র প্রধান গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে খুলনা আদালত চত্বরে চাঞ্চল্যকর জোড়া খুন, রূপসায় দেড় মাসের ব্যবধানে সংঘটিত পিতা-পুত্র হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এ ছাড়া খুলনা মহানগর এবং রূপসা, তেরখাদা ও দিঘলিয়া এলাকায় বি-কোম্পানির নামে চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণের সঙ্গেও তাঁদের সংশ্লিষ্টতার তথ্য রয়েছে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্ট সূত্র।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের তল্লাশি করে বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী অস্ত্র ও গুলি জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে উদ্ধার করা অস্ত্র-গুলিসহ তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।