
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবি জানিয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, জনগণের ভালোবাসায় সরকারে এসে এখন যাঁরা গণভোটের সিদ্ধান্ত অমান্য করছেন, তাঁদের সিদ্ধান্ত জনগণ মেনে নেবে না। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ক্রমান্বয়ে আন্দোলন শক্তিশালী করা হবে।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে খুলনার ঐতিহাসিক শিববাড়ি মোড়ে সাত দফা দাবিতে আয়োজিত ১১-দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে ইঙ্গিত করে শফিকুর রহমান বলেন, যাঁরা নির্বাচনের আগে বলেছিলেন, গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে তা বাস্তবায়ন করবেন, তাঁরা ইঞ্জিনিয়ারিং করে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন বলছেন গণভোট মানেন না। ৭০ ভাগ ভোটার গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ বলেছেন। সংসদে দাঁড়িয়ে তাঁরা বলেছেন, তাঁরা এসব মেনে নিয়েছিলেন এবং ভোট যেন কোনো অবস্থায় বিলম্বিত না হয়। অর্থাৎ তাঁদের গদিতে বসা যেন দেরি না হয়। এখন গদি পেয়ে গেছেন, গণভোটের বিষয়ে আর কোনো কথা নেই।
বর্তমান সরকার কিছু কার্ড বিতরণ ছাড়া কিছুই করেনি বলে মন্তব্য করেন জামায়াতের আমির। সরকারের সমালোচনা করে তিনি বলেন, কার্ডে দিচ্ছেন এক হাজার, দেড় হাজার, দুই হাজার, আড়াই হাজার টাকা। আর শুধু গ্যাস বিল, কারেন্ট বিল থেকে আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা। গ্যাস দিতে পারেন না, কিন্তু বিল তো দিতে হয়। কারেন্টে ভুতুড়ে বিল আসে। এগুলোর মাধ্যমে জাতির অর্থকে ডাকাতি করা হচ্ছে।
সার পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন শফিকুর রহমান। তিনি বলেন, ‘কৃষক সার পায় না, পাবে কেমনে? নতুন করে উনারা ডিলার নিয়োগ দিচ্ছেন ২০-২৫, ৩০ লাখ, ৫০ লাখ, ১ কোটি টাকা ঘুষ নিয়ে। এটা নিয়ে হইচই হচ্ছে, আবার নিজেদের মধ্যে খাবলাখাবলি হচ্ছে। জীবন চলে যাচ্ছে, কিন্তু কৃষক তো সার পায় না। আমরা এই দাবি নিয়ে মাঠে নেমেছি।’
আন্দোলনে নামার কারণ ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ জাতিকে চাঁদার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য, জনগণের টাকা লুটপাট করে বিদেশে পাচার শুরু হয়েছে, এই লুটপাট ঠেকিয়ে দেওয়ার জন্য আমরা রাস্তায় নেমেছি। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। পরিষ্কার বার্তা এবার বাস্তবায়ন হবে ইনশা আল্লাহ। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি একটার পর একটা, শক্ত থেকে মহাশক্তের দিকে যাবে।
প্রয়োজনে এক দফার ডাক দেওয়া হবে বলেও বক্তব্যে জানান শফিকুর রহমান। এ জন্য গ্রামবাংলার প্রতিটি ঘর থেকে সবাইকে ঢাকায় গিয়ে হাজির হওয়ার প্রস্তুতি রাখার আহ্বান জানান তিনি।
শফিকুর রহমান বলেন, যত দিন পর্যন্ত একটা শোষণমুক্ত, বৈষম্যমুক্ত, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ হিসেবে গঠিত না হবে, আমাদের আন্দোলন চলবে ইনশা আল্লাহ।
খুলনায় পৌঁছানোর আগে লংমার্চের অংশ হিসেবে শনিবার দুপুরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার খুলনা-মাওয়া মহাসড়কের কাটাখালি মোড়ে পথসভা করেন জামায়াতের আমির।
সেখানে বক্তব্যে তিনি বলেন, জনতার সাত দফা দাবি নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমাদের মূল দাবি একটাই, ১২ ফেব্রুয়ারি ৭০ শতাংশ জনগণ গণভোটে হ্যাঁর পক্ষে রায় দিয়েছে, বিএনপিকে এটা বাস্তবায়ন করতে হবে। জাতির সঙ্গে গাদ্দারি আমরা বরদাশত করব না।
গণভোটের রায় বাস্তবায়ন হলে বাকি ছয় দফার যন্ত্রণা জনগণকে আর ভোগ করতে হবে না বলে মন্তব্য করেন শফিকুর রহমান। তিনি বলেন, আমরা পরিষ্কার বলে দিচ্ছি, ভালোয় ভালোয় (গণভোটের রায়) মেনে নেন, তা না হলে জনগণ জানে কীভাবে দাবি আদায় করতে হয়।
খুলনার শিববাড়ি মোড়ের পথসভায় দলীয় ঐক্যের লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও খুলনা মহানগর জামায়াতের আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি শেখ জাহাঙ্গীর হুসাইন হেলালের সঞ্চালনায় বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
এ ছাড়া সমাবেশে এনসিপি, এবি পার্টি, জাগপা, লেবার পার্টি, ছাত্রশিবিরসহ ১১-দলীয় ঐক্যের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় নেতা এবং সংসদ সদস্যরা বক্তব্য দেন।
বাগেরহাটের কাটাখালি মোড়ের পথসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপি নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, সেক্রেটারি ইউনুস আলী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট জেলার প্রধান সমন্বয়ক সৈয়দ মোরশেদ আনোয়ার সোহেলসহ ১১-দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।