
প্রয়াত চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদ স্মরণে যশোরের চৌগাছায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা পরিষদ চত্বরের বৈশাখী মঞ্চে চৌগাছা শিল্প ও সাহিত্য পরিষদের আয়োজনে এ শোকসভা অনুষ্ঠিত হয়।
কবি শাহিন মাহাবুবের সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে প্রয়াত চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের জীবন ও কর্মের স্মৃতিচারণ করে বক্তব্য দেন দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব চৌগাছার সদস্য সচিব মুকুরুল ইসলাম মিন্টু।
এ সময় বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা জামিনুর রহমান, সমাজতান্ত্রিক দলের উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক, চিত্রশিল্পী আবেদুর রহমান, বিশিষ্ট নাট্যকার আনিসুর রহমান আনিস, সাংবাদিক টিপু সুলতান, রেজাউল করিম সাগর, কবি আসাদুজ্জামান বর্ণ চাষী, ইলা দেওয়ান, ফারুক আহমেদ, আব্দুর রহিম, মাস্টার জাহাঙ্গীর আলম, আনন্দ মোহন দেব, আর্টিস্ট আলামিন বাবু, শিল্পী জামারুল ইসলাম, প্রয়াত শিল্পীর পুত্র মনিরুজ্জামান ও কবিরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, আছাদুজ্জামান আছাদ ছিলেন চৌগাছার শিল্প-সংস্কৃতি অঙ্গনের একজন নিবেদিতপ্রাণ মানুষ। চারুকলা চর্চা, শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অবদান ছিল গুরুত্বপূর্ণ। শিল্পের প্রতি তাঁর ভালোবাসা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড তাঁকে মানুষের কাছে স্মরণীয় করে রেখেছে। তাঁর শিল্পকর্ম ও কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
স্মৃতিচারণ করতে গিয়ে অনুষ্ঠানে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। প্রিয় শিল্পীর সঙ্গে কাটানো বিভিন্ন স্মৃতি তুলে ধরতে গিয়ে অনেকের কণ্ঠ ভারী হয়ে আসে। কেউ কেউ আবেগ ধরে রাখতে না পেরে অশ্রুসিক্ত হয়ে পড়েন। এতে পুরো অনুষ্ঠানজুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বক্তারা আরও বলেন, একজন শিল্পীর শারীরিক মৃত্যু হলেও তাঁর সৃষ্টিকর্ম ও স্মৃতি মানুষের হৃদয়ে বেঁচে থাকে। আছাদুজ্জামান আছাদের শিল্পকর্ম, সাংস্কৃতিক অবদান ও মানুষের প্রতি তাঁর ভালোবাসা চৌগাছার মানুষ দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
শোকসভা শেষে দৈনিক যশোর বার্তার সম্পাদক ও প্রকাশক এবং অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ শিহাব উদ্দীনের প্রস্তাবনায় প্রয়াত চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর শিল্প-সাংস্কৃতিক কর্মকাণ্ড আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ‘আছাদ স্মৃতি সংসদ’ গঠনের প্রস্তাব করা হয়। উপস্থিত সবাই এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি প্রকাশ করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, ‘আছাদ স্মৃতি সংসদ’-এর মাধ্যমে প্রয়াত শিল্পীর স্মৃতি সংরক্ষণের পাশাপাশি চৌগাছার শিল্প, সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
এর আগে শুক্রবার দুপুরে চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের পৌরসদরের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান দৈনিক যশোর বার্তার সম্পাদকসহ বার্তা পরিবারের সদস্যরা। তাঁর রুহের মাগফেরাত কামনায় নিজ গ্রাম মাঠচাকলাসহ চৌগাছার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুমার নামাজের পর যশোর বার্তার সম্পাদক অধ্যক্ষ শিহাব উদ্দীন চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের কবর জিয়ারত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবি আহমদ আলী সাহিত্য রত্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হাসান মাহমুদ। শোকসভা শেষে প্রয়াত চিত্রশিল্পী আছাদুজ্জামান আছাদের আত্মার শান্তি কামনা করা হয় এবং তাঁর অসমাপ্ত শিল্প-সাংস্কৃতিক পথচলাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।