
যশোরে ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও কথিত ডাকাত সরদার শফিয়ার রহমান ওরফে ‘শফি ড্রাইভার’কে গ্রেপ্তার করেছে র্যাব-৬ ও র্যাব-৩-এর যৌথ দল।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টা ০৫ মিনিটের দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬-এর সিপিসি-৩, যশোর ও র্যাব-৩, ঢাকার একটি যৌথ দল বাহাদুরপুর পূর্বপাড়ার ইউনুস নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায়। এ সময় ছয়টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি শফিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শফিয়ার রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামের শামছুদ্দিন বিশ্বাসের ছেলে। র্যাব তাঁকে ‘ডাকাত সরদার’ হিসেবে উল্লেখ করেছে।
র্যাব জানিয়েছে, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি ডাকাতি, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে তারা অভিযান চালিয়ে আসছে।
গ্রেপ্তারের পর শফিয়ার রহমানকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।