
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা জাতীয় ঐক্য বিনষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। দেশের জনগণ পরাজিত শক্তিকে কখনো মাথা তুলে দাঁড়াতে দেবে না। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল-মতনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
শনিবার (৭ নভেম্বর) ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেলে যশোর শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর তাঁর নেতৃত্ব দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হন। পরবর্তী সময়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে বাংলাদেশকে স্বাধীন ও মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেছিলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, জাতীয় ঐক্যের মধ্যে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করা হচ্ছে।
তিনি বলেন, যারা ঐক্য নষ্ট করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণ দেশের পরাজিত শক্তিকে কখনো মাথা তুলে দাঁড়াতে দেবে না। তারা জাতীয় ঐক্যকে বিভাজিত হতে দেবে না।
আওয়ামী লীগের আত্মগোপনে থাকা নেতাকর্মীরা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন নার্গিস বেগম। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জিয়াউর রহমানের অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সব মত ও পথের মানুষকে সঙ্গে নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনের যোদ্ধাদের আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে।
যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু জাফর, জেলা কৃষক দলের সদস্যসচিব শিকদার সালাউদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিদুর রহমান সাগরসহ অন্য নেতারা। সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম।
সমাবেশ শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনিহার এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহমদ সিদ্দিকী বাচ্চু, সাবেক সহসভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ ইসহক, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুস সালাম আজাদ, মিজানুর রহমান খান, এ কে শরফুদ্দৌলা ছোটলু, অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম এবং নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।