
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে যশোর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় যশোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।
সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা তাঁদের কর্মক্ষেত্রের সমস্যা, সার্বিক সুযোগ-সুবিধা, কল্যাণমূলক বিষয় এবং বিভিন্ন যৌক্তিক দাবি ও আবেদন পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার অত্যন্ত গুরুত্ব ও মনোযোগের সঙ্গে তাঁদের বক্তব্য শোনেন। এ সময় কয়েকটি সমস্যা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি অন্যান্য যৌক্তিক আবেদন ও সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস প্রদান করেন।
পরে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬-এর ঐতিহাসিক তাৎপর্য ও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি পুলিশ সদস্যদের কল্যাণ, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারত্ব ও শৃঙ্খলার গুরুত্ব তুলে ধরেন।
সভায় পুলিশ সদস্যদের সরাসরি মতামত ও সমস্যা শোনার মাধ্যমে তাঁদের কল্যাণ নিশ্চিত করা এবং কর্মপরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ কল্যাণ সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাজিবুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলাম পিপিএম-সেবা, সার্কেল কর্মকর্তারা, রিজার্ভ ইন্সপেক্টর (আরআই), পুলিশ লাইন্স, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি), সদর কোর্ট ইন্সপেক্টর, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), জেলা গোয়েন্দা শাখা (ডিবি), জেলা বিশেষ শাখা (ডিএসবি)-সহ যশোর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করা, তাঁদের সমস্যা ও প্রয়োজনীয়তা সরাসরি জানা এবং সেগুলোর বাস্তবসম্মত সমাধানের উদ্যোগ গ্রহণের অংশ হিসেবে এ বিশেষ কল্যাণ সভার আয়োজন করা হয়।