
গড়বো সমাজ কল্যাণ সংস্থা, যশোর (জিএসকেএস)-এর উদ্যোগে ১০০ জন মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ এবং অসহায় ও দুস্থ মানুষের মধ্যে নগদ অর্থ ও স্বাবলম্বীকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে যশোর শহরের রেলগেট সংলগ্ন আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ে সংস্থাটির ১৫তম বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংস্থার সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু। সভাপতিত্ব করেন সংস্থার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সংস্থার দাতা সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল এবং দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নূর ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন দৈনিক নতুন সকালের বার্তার বিশেষ প্রতিবেদক তরিকুল ইসলাম তারেক এবং সংস্থার কোষাধ্যক্ষ এম. আই. নয়ন।
অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, স্কুল জুতা, খাতা ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি দুইজন কারিগরি শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া একজন অসহায় ব্যক্তিকে একটি ভ্যানগাড়ি, তিনজন বেকার নারীকে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় উপকরণ, একজন প্রতিবন্ধী রিকশাচালককে রিকশা মেরামতের জন্য নগদ অর্থ এবং একজন অসহায় নারীকে ভাঙা ঘর নির্মাণে আর্থিক সহায়তা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, সমাজে মাদকাসক্তি ও দারিদ্র্য অনেক মেধাবী শিক্ষার্থীর শিক্ষাজীবন বাধাগ্রস্ত করছে। তিনি বলেন, দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করার ক্ষেত্রে গড়বো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের মানবিক কার্যক্রমে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।
তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। শিক্ষার্থীদের মাদক ও মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থেকে লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, এবারের কর্মসূচির প্রধান পৃষ্ঠপোষক ছিল পঙ্গু হাসপাতাল, যশোর। এছাড়া রবি গ্লাস অ্যান্ড থাই অ্যালুমিনিয়াম সেন্টার, রয়েল ইলেকট্রনিক্স, লিবার্টি সু, জুস বক্স এবং মোস্তফা মোবাইল পার্টস হাউজ অনুষ্ঠানের স্পন্সর হিসেবে সহযোগিতা প্রদান করেছে।