
যশোরের ঝিকরগাছায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মোসলেহ উদ্দিন ফরিদ বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম এবং ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ইদ্রিস আলী।
এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আশফাকুজ্জামান খান রনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, স্বাস্থ্য পরিদর্শক ফারুক হোসেন, কামরুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীদের সেবার মান বৃদ্ধি, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, ওষুধ সরবরাহ, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবাকে আরও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।