
যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড কার্তুজসহ রাকিব হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। রোববার (১৫ নভেম্বর) রাত ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার নাভারণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়। এ সময় নাভারণ এলাকায় রাকিবের চায়ের দোকানে তল্লাশি চালানো হয়। পরে তাঁর দেখানো ও বের করে দেওয়া মতে দোকান থেকে একটি ওয়ান শুটারগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রাকিব হোসেন ঝিকরগাছা উপজেলার ইসলামপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। মামলার পর উদ্ধার করা অস্ত্র ও কার্তুজসহ তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
এসআরবি-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণসহ গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও এ অভিযান চলবে।