
যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিকুজ্জামান ওই গ্রামের আছিরউদ্দিনের ছেলে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, জমিজমা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার গভীর রাতে সোনাকুড় গ্রামের নজরুল (৫০), ফজলুর রহমান (৪৫), মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) প্রতিপক্ষের বসতবাড়িতে ঢুকে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আশিকুজ্জামান, তাঁর ভাই আশরাফুজ্জামান (৫০) ও বাবা আছিরউদ্দিন (৭০) আহত হন।
পরে স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বুধবার (২৮ অক্টোবর) রাত ১টা ২০ মিনিটে আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুজ্জামান ও আছিরউদ্দিন হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একই ঘটনায় অভিযুক্ত পক্ষের ফজলুর রহমানও আহত হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহত আশিকুজ্জামানের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত ফজলুর রহমানকে আটক করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং এই হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।