
যশোরের ঝিকরগাছায় বর্ণিল-বর্ণাঢ্য ও উৎসব আয়োজনের মধ্যে দিয়ে 'শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-২০২৬'র সফল সমাপ্তি হয়েছে। স্মরণকালের ঝিকরগাছার ফুটবল ইতিহাসের সেরা দর্শক সমাগমের মধ্যে দিয়ে আজকের ফাইনাল খেলায় উপজেলার শংকরপুর ইউনিয়ন একাদশকে ১-০ গোলে হারিয়ে ঝিকরগাছা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
খেলার নির্ধারিত সময়ের প্রথমার্ধে উভয় দলের মধ্যে পাল্টাপাল্টি আক্রমণ হলেও গোলশূন্য ড্র থাকে। নির্ধারিত সময়ের দ্বিতীয়ার্ধের ২০মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশের পক্ষে ৯নং জার্সিধারী চৌকস খেলোয়াড় সেলিম হোসেন। খেলার শুরুতে উভয় দলের মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। খেলার প্রথমার্ধে টানটান উত্তেজনার মধ্যেও কোন পক্ষ গোল করতে পারেনি।
আয়োজকদের দাবি, ৬০লাখ ক্রীড়ামোদী ফুটবল দর্শক খেলাটি উপভোগ করেছেন। গত ২৪জুলাই আকর্ষণীয় এই খেলাটি স্থানীয় বিএম হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। ১৬দলীয় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে ঝিকরগাছার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন ঝিকরগাছা স্পোর্টস ক্লাব। দর্শকনন্দিত খেলাটিতে অর্ধলক্ষাধিক ফুটবলপ্রেমী দর্শক অত্যন্ত সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে উপভোগ করেন।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ও টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক সংরক্ষিত নারী আসনের (১৪) জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ৫০হাজার টাকার প্রতিকী চেক তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ খোরশেদ আলম।
স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোলের সভাপতিত্বে ও স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইদ্রিস আলী, নির্বাসখেলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হবিবর রহমান, শংকরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি মিলন,সাবেক যুবদল নেতা আবু মুসা মিন্টু, সাবেক কৃতি ফুটবলারবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি আগামীর বাংলাদেশ বিনির্মাণে তরুণ ও যুব সমাজের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান। তিনি মাদকমুক্ত সমাজ বিনির্মাণে তরুণদের খেলার মাঠে আসার আহ্বান জানিয়ে বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলা ধুলার মাধ্যমে সুস্থ সুন্দর জীবন গড়ে তোলা সম্ভব।