
যশোরের ঝিকরগাছা থানার দুই সাবেক উপ-পরিদর্শক (এসআই) এর বিরুদ্ধে মামলা তদন্তে অনিয়ম, ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং নিরপেক্ষ তদন্ত ব্যাহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মুর্শিদা আক্তার রেনুকা যশোরের পুলিশ সুপারের কাছে ডাকযোগে লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগকারী মুর্শিদা আক্তার রেনুকা ঝিকরগাছা উপজেলার শিওরদাহ গ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগে তিনি দাবি করেন, ২০২৫ সালের ১৩ মার্চ পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে প্রবাসী ইসমাইল গাজী ও তার সহযোগীরা তাদের বাড়িতে হামলা চালান। এ সময় নির্মাণাধীন রান্নাঘর ভাঙচুর করা হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মাথায় আটটি সেলাই দিতে হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার সময় তৎকালীন শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বেলাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তিনি কার্যকর কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেননি। পরবর্তীতে আদালতের নির্দেশে মামলাটি থানায় এজাহার হিসেবে রেকর্ড হলে তদন্তের দায়িত্ব পান তিনি। এ সময় মামলাটি প্রত্যাহারের জন্য চাপ প্রয়োগ এবং চার্জশিটের নামে অর্থ গ্রহণের অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।
পরে মামলাটির তদন্তভার দেওয়া হয় এসআই জি এম ইমরান হোসেন রাজুর ওপর। অভিযোগে বলা হয়েছে, তিনি পূর্ববর্তী তদন্ত কর্মকর্তার প্রভাব ও নির্দেশনায় মামলাটি তদন্ত করেন এবং আট আসামির মধ্যে পাঁচজনকে অব্যাহতি দিয়ে মাত্র তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার পর রেনুকা যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও অভিযোগপত্রে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সনদ ব্যবহার করা হয়েছে। এছাড়া এজাহারভুক্ত গুরুত্বপূর্ণ সাক্ষীদের বক্তব্য যথাযথভাবে মূল্যায়ন না করে অভিযুক্ত পক্ষের ঘনিষ্ঠ ব্যক্তিদের নিরপেক্ষ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এসআইরা। শিওরদাহ পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বেলাল হোসেন বলেন, রেনুকার মামলার আগে প্রতিপক্ষের একটি মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন তিনি। সে কারণে তাদের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল। তিনি জানান, রেনুকার মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার এক মাসের মধ্যেই তাকে সরিয়ে অন্য কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া ঘটনার সময় তিনি যশোর আদালতে সাক্ষ্য দিতে গিয়েছিলেন বলেও দাবি করেন।
অন্যদিকে, তৎকালীন তদন্ত কর্মকর্তা এসআই জি এম ইমরান হোসেন রাজু বলেন, মামলাটি পুলিশ ও পিবিআই পৃথকভাবে তদন্ত করে একই ধরনের প্রতিবেদন দিয়েছে। বর্তমানে বিষয়টি সিআইডি তদন্ত করছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন।
অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়েছে, এসআই বেলাল হোসেন বর্তমানে শিওরদাহ পুলিশ ক্যাম্পে কর্মরত রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানা অভিযোগ ওঠার কথাও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে এসআই জি এম ইমরান হোসেন রাজু বর্তমানে চৌগাছা থানায় কর্মরত আছেন। তার বিরুদ্ধেও সম্প্রতি বিভিন্ন অভিযোগ নিয়ে স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপারের কার্যালয় থেকে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত না হলেও অভিযোগকারী জানিয়েছেন, তিনি নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেছেন।