
খুলনার ডুমুরিয়ায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বিভাগীয় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ সবিতা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা, খুলনা বিভাগের পরিচালক মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক (সি.সি) ডা. আব্দুল মান্নান শেখ। এছাড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কর্মচারী ও মাঠকর্মীরা সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক বলেন, “তৃণমূল পর্যায়ে মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং জনসংখ্যা নিয়ন্ত্রণে মাঠকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের লক্ষ্য অর্জনে প্রতিটি দম্পতির কাছে পরিকল্পিত পরিবারের গুরুত্ব তুলে ধরতে হবে। কোনো যোগ্য দম্পতি যেন পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত না হয়, সেদিকে বিশেষ নজর রাখতে হবে।”
তিনি আরও বলেন, “মাঠপর্যায়ে সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে ডা. আব্দুল মান্নান শেখ বলেন, “প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধি এবং গর্ভকালীন ও প্রসব-পরবর্তী সেবার মান নিশ্চিত করতে হবে। মাঠকর্মী ও ক্লিনিক কর্মীদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মাতৃমৃত্যু ও শিশুমৃত্যুর হার আরও কমিয়ে আনা সম্ভব।”
সভাপতির বক্তব্যে ইউএনও মিজ সবিতা সরকার বলেন, “ডুমুরিয়া উপজেলা প্রশাসন পরিবার পরিকল্পনা বিভাগের সব ইতিবাচক উদ্যোগে সহযোগিতা করবে। আজকের সভায় মাঠপর্যায়ের কাজের যে পর্যালোচনা হয়েছে, তা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারি নির্দেশনা ও লক্ষ্যমাত্রা অর্জনে সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
সভায় বিগত মাসের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং আগামী মাসের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেষে উপজেলার শ্রেষ্ঠ কর্মী ও ভালো পারফরম্যান্সকারী কর্মকর্তাদের ধন্যবাদ জানান প্রধান অতিথি।
এর আগে ডুমুরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহাসিনা ফেরদৌসী এবং পরিবার পরিকল্পনা ইউনিয়ন ফিল্ড কর্মকর্তা নাসির উদ্দিন মোল্লার নেতৃত্বে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।