
খুলনার ডুমুরিয়া উপজেলার নদীবেষ্টিত মাগুরখালী ইউনিয়নে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। মিষ্টির দোকানকে ব্যবসাপ্রতিষ্ঠান হিসেবে দেখিয়ে এবং প্রয়োজনীয় গুদামসুবিধা না থাকা সত্ত্বেও ডিলারশিপ দেওয়া হয়েছে, এমন অভিযোগ তুলেছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। তাঁদের দাবি, নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম হয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাগুরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও মেসার্স এস এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুকৃতি কুমার মণ্ডল ওই ইউনিয়নে সার ডিলারশিপ পেয়েছেন। তবে তাঁর প্রতিষ্ঠানে সার সংরক্ষণ ও বিক্রির জন্য প্রয়োজনীয় গুদামসুবিধা রয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, নির্ধারিত ব্যবসাপ্রতিষ্ঠানের পরিবর্তে মিষ্টির দোকানকে কেন্দ্র করে ডিলারশিপের কার্যক্রম পরিচালনার বিষয়টি সামনে এসেছে।
কৃষকদের ভাষ্য, সার সংরক্ষণ ও বিক্রির জন্য উপযুক্ত অবকাঠামো থাকা জরুরি। যথাযথ সংরক্ষণব্যবস্থা না থাকলে সারের গুণগত মান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা যাচাই করার দাবি জানিয়েছেন তাঁরা।
এলাকাবাসীর একাংশের অভিযোগ, ডিলার নিয়োগে রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনায় নেওয়া হয়ে থাকলে তা খতিয়ে দেখা উচিত। তাঁদের মতে, সার বিতরণব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা না গেলে প্রকৃত কৃষকেরা প্রয়োজনীয় সার পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়তে পারেন।
অভিযোগের বিষয়ে মেসার্স এস এস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুকৃতি কুমার মণ্ডলের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি আগে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ছিলাম। তবে বর্তমানে বিএনপির দলীয় কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছি।
মিষ্টির দোকান দেখিয়ে সার ডিলারশিপ নেওয়া এবং ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় অনিয়মের অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেন, নিয়ম মেনেই তাঁর প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করা বাধ্যতামূলক। নিয়মনীতি লঙ্ঘন করে কিংবা উপযুক্ত গুদামসুবিধা ছাড়া ডিলারশিপ দেওয়া হয়ে থাকলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় কৃষকদের দাবি, মাগুরখালী ইউনিয়নে সার ডিলার নিয়োগের প্রক্রিয়া, প্রতিষ্ঠানের অবকাঠামো এবং সার সংরক্ষণের ব্যবস্থা যাচাই করে প্রকৃত চিত্র জনসমক্ষে আনা হোক।