
যশোরের ডুসেক মডেল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে শতাধিক ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার দুপুরে প্রিসেভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ডুসেক মডেল ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়। চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিসেভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান খায়রুল কবির চঞ্চল। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডুসেক মডেল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, প্রিসেভ সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক রবি প্লাবন, কোষাধ্যক্ষ কামরুল হাসানসহ শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন ধরনের ফলদ গাছের চারা বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের গাছ রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।