
চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন এবং তার পাঁচ সহযোগীকে দুটি মামলায় মোট ১০ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত। ফটিকছড়ি থানার একটি মামলায় পাঁচ দিন এবং হাটহাজারী থানার আরেকটি মামলায় পাঁচ দিন করে এ রিমান্ড মঞ্জুর করা হয়।
রোববার (২ আগস্ট) চট্টগ্রামের বিচারিক আদালতের ম্যাজিস্ট্রেট মো. মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ডেভিড ইমন ও তার সহযোগীদের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জেলা পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের তথ্যমতে, ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা। তিনি প্রথমে কারাবন্দি সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের গ্রুপে সক্রিয় ছিলেন। পরে সাজ্জাদ গ্রেপ্তার হলে ওই গ্রুপের নেতৃত্ব নেন। পরবর্তী সময়ে বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর নেতৃত্বাধীন গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবেও তিনি কাজ করতেন বলে পুলিশের দাবি।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রামে সংঘটিত একাধিক আলোচিত হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে বাকলিয়া ও চান্দগাঁওয়ের দুটি জোড়া হত্যা, যুবদল নেতা মাসুদুল হক চৌধুরী হত্যা এবং চাঁদাবাজিসহ দেড় ডজনের বেশি মামলা বিচারাধীন রয়েছে।
এর আগে গত বুধবার যশোর সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টা করার সময় ডেভিড ইমনকে তিন সহযোগীসহ আটক করে পুলিশ। পরে তাকে চট্টগ্রামে এনে আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে রিমান্ড আবেদন করা হয়। আদালতের এ আদেশের ফলে ফটিকছড়ি ও হাটহাজারী থানার পৃথক দুই মামলায় ডেভিড ইমন ও তার সহযোগীদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। তদন্তে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে আশা করছে পুলিশ।