
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের অন্যতম রূপকার প্রয়াত জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মাগরিবের নামাজের পর বেনাপোল রেলস্টেশনসংলগ্ন বিএনপির দলীয় কার্যালয়ে বেনাপোল পৌর কৃষক দলের উদ্যোগে এ আলোচনা সভা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমুদ্দিন। সভাপতিত্ব করেন বেনাপোল পৌর কৃষক দলের সভাপতি জসীমউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহসভাপতি আতিকুজ্জামান সনি ও ইদ্রিস মালেক, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর কৃষক দলের সদস্যসচিব জামাল হোসেন, সহসভাপতি হাসান এবং শার্শা উপজেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক কামরুজ্জামান। এ ছাড়া বেনাপোল পৌর ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরিকুল ইসলাম ছিলেন দেশের জাতীয় রাজনীতির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা, দেশ ও দলের প্রতি নিষ্ঠা এবং যশোরের উন্নয়নে অবদান তাঁকে মানুষের হৃদয়ে স্মরণীয় করে রেখেছে। তাঁর রাজনৈতিক আদর্শ ও কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
আলোচনা সভা শেষে প্রয়াত তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।