
‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল’ এমন স্লোগানকে সামনে রেখে যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের তরুণ ও কিশোরদের মাঝে খেলার জার্সি উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও যশোরের জননেতা অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে রামনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া, মোল্যাপাড়া ও বেলতলা এলাকার তরুণ ও কিশোরদের হাতে এসব জার্সি তুলে দেওয়া হয়।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলা, মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রাখা এবং সুস্থ বিনোদনের পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় আয়োজকরা বলেন, তরুণ সমাজই আগামীর বাংলাদেশের চালিকাশক্তি। তাদের মেধা, মনন ও শক্তিকে ইতিবাচক কাজে কাজে লাগাতে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি এলাকায় খেলাধুলার চর্চা বাড়লে তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
অনুষ্ঠানটি সৌজন্যে আয়োজন করেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রাজু আহম্মেদ।