
দিনাজপুরে অনুষ্ঠিত তারুণ্য মেলা ২০২৬-এর কন্টেন্ট নির্মাণ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন নড়াইলের তরুণ কন্টেন্ট নির্মাতা আশিকুর রহমান সৌরভ। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সচেতনতা তৈরির বিষয়বস্তু নিয়ে নির্মিত কন্টেন্টের জন্য তিনি এ সাফল্য অর্জন করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টায় দিনাজপুরের ব্র্যাক লার্নিং সেন্টারে এনজিও আরএইচস্টেপের আয়োজনে এ তারুণ্য মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট প্রতিনিধি।
প্রতিযোগিতায় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, সামাজিক দায়বদ্ধতা এবং তরুণদের ইতিবাচক ভূমিকার বিষয়গুলো তুলে ধরা হয়। সৌরভের নির্মিত কন্টেন্টটি বিচারকদের বিবেচনায় বিজয়ী নির্বাচিত হয়।
এ অর্জনের মাধ্যমে নড়াইলের তরুণদের সৃজনশীলতা ও কন্টেন্ট নির্মাণে সম্ভাবনার নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে। সৌরভের এ সাফল্যে তার শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা অভিনন্দন জানিয়েছেন।