
সাতক্ষীরার তালায় ভেজাল ও অনুমোদনহীন কিটনাশক বিক্রি ও মজুদের অভিযোগে মশিউর রহমান (৪৫) নামে এক ব্যবসায়ীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরার তালা উপজেলার লাউতাড়া এলাকায় মশিউর রহমানের বাড়িতে থাকা দুটি গোডাউন এবং সুভাষিণী বাজারের একটি সারের দোকানে ভেজাল ও অনুমোদনহীন কিটনাশকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভেজাল ও অনুমোদনহীন কিটনাশক বিক্রি ও মজুদের অভিযোগে দোকানের মালিক মশিউর রহমানকে আটক করা হয়। পরে বালাইনাশক আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ঘটনাস্থলে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে এসআরবি-৬, সিপিসি-১, সাতক্ষীরার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ এবং তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা উপস্থিত ছিলেন।