
সাতক্ষীরার তালা উপজেলার খেশড়া ইউনিয়নের কলাগাছি গ্রামসংলগ্ন শালিকা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি সংশ্লিষ্টদের জানান। পরে মরদেহটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে, সে বিষয়েও বিস্তারিত জানা যায়নি।
কোনো ব্যক্তি নিখোঁজ থাকলে অথবা মরদেহটির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে তালা থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।