
৫ আগস্টের পর দেশের মানুষ বা রাষ্ট্রীয় ব্যবস্থাপনা রাতারাতি বদলে যায়নি। তাই জ্বালানি ও তেল-গ্যাস নিয়ে সরকারের নীতিতেও ধারাবাহিকতা থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় যশোর জেলা প্রশাসকের সভাকক্ষে জেলার আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশেক হাসান।
প্রতিমন্ত্রী বলেন, তেল-গ্যাসের পাশাপাশি সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি বিভিন্ন ভবনে সোলার প্যানেল স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে বিদ্যুতের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায় সরকার।
আসন্ন পূজাকে ঘিরে নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিত পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি। কোথায় কতগুলো মণ্ডপ হচ্ছে এবং কোথায় কী ধরনের নিরাপত্তা প্রয়োজন, তা আগে থেকেই পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।
ইটভাটা প্রসঙ্গে শেখ ফরিদুল ইসলাম বলেন, যেসব ইটভাটা এখনও নিয়মের আওতার বাইরে রয়েছে, সেগুলোকে নিয়মের আওতায় আনার বিষয়ে সরকার কাজ করছে। পরিবেশের জন্য ক্ষতিকর এবং নিয়ম না মেনে পরিচালিত ইটভাটাগুলো বন্ধ করে দেওয়ার কথাও জানান তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার খোকন, পৌর প্রশাসক রফিকুল হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, এসআরবি যশোর ক্যাম্পের কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স, বিজিবির কর্মকর্তারা, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সিভিল সার্জন মাসুদ রানা, মেডিকেল কলেজের অধ্যক্ষ আহমেদ জাহাঙ্গীর ফেরদৌস সুমনসহ জেলার ৯ থানার অফিসার ইনচার্জরা।