
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এটি বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশ জারির পর অধিবেশন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশনের কার্যক্রম শুরু হয়েছে। মূলত এ অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ, আলোচনা ও পাসের কার্যক্রম সম্পন্ন হবে। বাজেটকে কেন্দ্র করে সংসদ সদস্যরা সরকারের উন্নয়ন পরিকল্পনা, অর্থনৈতিক কৌশল এবং বিভিন্ন খাতের বরাদ্দ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, নতুন অর্থবছরের বাজেটে সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা, রাজস্ব আহরণ, কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতের বিভিন্ন পরিকল্পনার প্রতিফলন ঘটবে।
উল্লেখ্য, প্রতি বছর জুন মাসে জাতীয় বাজেট উপস্থাপন ও তা নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়, যা বাজেট অধিবেশন নামে পরিচিত। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয়ে ৩০ এপ্রিল শেষ হয়।