
চুয়াডাঙ্গার দর্শনায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৫ বোতল অবৈধ উইনসেরেক্স সিরাপ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিজেদের হেফাজতে রাখার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাত ২টা ২৫ মিনিটে দর্শনা থানার রাঙ্গিয়ারপোতা গ্রামে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থানার এসআই (নিরস্ত্র) সাইফুল মোল্লাসহ পুলিশের একটি দল অংশ নেয়।
অভিযানের একপর্যায়ে রাঙ্গিয়ারপোতা গ্রামের নুহুর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৫৫ বোতল অবৈধ উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ সময় বাড়ি থেকে নুহু (৪৫), পিতা মৃত আবু বকর সিদ্দিক এবং আতাউর রহমান (১৯), পিতা তোতা মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই রাঙ্গিয়ারপোতা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধার করা সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার, বিক্রি ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।