
দুই বছর পর আবারও প্রতিযোগিতামূলক রিংয়ে ফিরেছেন নড়াইলের কালিয়া উপজেলার প্রকৌশলী ও মার্শাল আর্ট অ্যাথলেট ফাহাদ আহমেদ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মিরপুরের জিম জোনে অনুষ্ঠিত ‘Khar Nights’ প্রমোশনের কিকবক্সিং ম্যাচে অংশ নেওয়ার মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক লড়াইয়ে ফিরেছেন তিনি।
এর আগে ২০২৪ সালে ‘Royal Bengal Championship’-এর এমএমএ ম্যাচে জয় পেয়েছিলেন ফাহাদ। এরপর পড়াশোনা ও পেশাগত ব্যস্ততার কারণে প্রায় দুই বছর প্রতিযোগিতামূলক লড়াই থেকে দূরে ছিলেন। তবে রিংয়ের বাইরে থাকলেও মার্শাল আর্টের অনুশীলন চালিয়ে গেছেন তিনি।
২০১৭ সালে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথম বর্ষে পড়ার সময় ফাহাদের মার্শাল আর্টের যাত্রা শুরু হয়। এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস-এ উশু সান্দা প্রশিক্ষণের মাধ্যমে রিংয়ে প্রবেশ করেন তিনি। পরের বছর প্রথম কিকবক্সিং প্রতিযোগিতায় অংশ নিয়ে জয় পান। পরে এমএমএসহ বিভিন্ন কমব্যাট স্পোর্টসেও অংশ নেন।
চুয়েট থেকে মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি সম্পন্ন করেছেন ফাহাদ। বর্তমানে পেশাগত জীবনের পাশাপাশি মার্শাল আর্টের চর্চা চালিয়ে যাচ্ছেন। দীর্ঘ বিরতির পর কিকবক্সিংয়ে ফেরাকে খেলোয়াড়ি জীবনের নতুন অধ্যায়ের শুরু হিসেবে দেখছেন তিনি।
ফাহাদ নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার ঘড়িভাঙ্গা গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান। তাঁর দাদা হাজী সরোয়ার জান মোল্লা ছিলেন বড়দিয়া বাজারের পরিচিত ব্যবসায়ী ও শিল্পপতি। নানা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর উদ্দিন মোল্লা ছিলেন কামশিয়া গ্রামের বাসিন্দা।
প্রকৌশলী পেশার পাশাপাশি মার্শাল আর্টে আরও সাফল্য অর্জন এবং নিয়মিত প্রতিযোগিতায় অংশ নেওয়াই এখন ফাহাদের লক্ষ্য। এ জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।