
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শহরের সিভিল কোর্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি দড়াটানা মোড় অতিক্রম করে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি আতিকুর রহমান আতিক। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বিনষ্ট করে কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তার উপযুক্ত জবাব দেওয়া হবে। পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেউ যাতে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে যুবদলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে।
সমাবেশে সর্বশেষ বক্তব্য দেন যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ। তিনি বলেন, দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রাসেল, গণশিক্ষা সম্পাদক মঈনুদ্দিন রাজু, যশোর জেলা যুবদলের সদস্যসচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু ও নাজমুল হোসেন বাবুল।
এ ছাড়া যশোর জেলা, শহর ও বিভিন্ন উপজেলা থেকে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন। নেতাদের সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি শেষ হয়।