
রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন দলটির নেতারা।
শনিবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
[caption id="attachment_13085" align="alignleft" width="300"]
default[/caption]
তিনি বলেন, সরকার গণভোটের রায় মেনে নিলে জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথে ভূমিকা রাখবে জামায়াতে ইসলামী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পারা, এমনকি সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার পর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকা উচিত কি না, তা প্রধানমন্ত্রীকে পুনর্বিবেচনা করতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাসীরা এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দিচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারছেন না। বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের খবর সরকার ও বিএনপির জন্য শুভ নয়। এরা সরকারকে ব্যর্থতার দিকে ঠেলে দেবে।
তিনি বলেন, আমরা এখনই সরকারের পদত্যাগ দাবি করছি না। আমরা চাই, সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্তের মাধ্যমে দেশ পরিচালনা করুক।
গণভোটের গুরুত্ব তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, গণভোটের রায়ের সামনে সংসদীয় সংখ্যাগরিষ্ঠতার কোনো মূল্য নেই। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোরে আইন পাস করা সম্ভব হলেও জনগণের সম্মতি ছাড়া তা টেকসই হয় না। দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের পক্ষে রায় দিয়েছেন। সরকারের দায়িত্ব হচ্ছে সেই রায় বাস্তবায়নে সংসদে বিল উত্থাপন করা এবং সরকারি ও বিরোধী দলের সম্মিলিত উদ্যোগে তা পাস করা।
একদলীয় সংবিধান সংশোধন বিশেষ কমিটির কার্যক্রম বন্ধ করে অবিলম্বে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলে জামায়াতে ইসলামী অতীতের মতো ফ্যাসিবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে এবং সরকারকে সহযোগিতা করবে।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাবাহিনীকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে বাংলাদেশের প্রতিটি সংকটে সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য। দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিবারই জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। এ কারণে জামায়াতে ইসলামীসহ পুরো জাতি সেনাবাহিনীকে শ্রদ্ধা জানিয়ে আসছে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে। সরকারের এমপি-মন্ত্রীদের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে, অথচ স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে বিদেশি এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন।
আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনার হাতে যখন পুরো রাষ্ট্রযন্ত্র ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন শূন্য হাতে বাংলাদেশে ফিরে আসার স্বপ্ন দেখা দিবাস্বপ্ন ছাড়া কিছু নয়।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তা হলে কোনো অপশক্তি দেশে নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না।
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনের সময় কোনো এমপি-মন্ত্রীদের গাড়ি ভাঙচুর কিংবা বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেনি। অথচ বিএনপি সরকার নিজেদের এমপি-মন্ত্রীদেরই নিরাপত্তা দিতে পারছে না। আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আর সেই ঐক্য প্রতিষ্ঠার জন্য গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে।
কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি যৌথভাবে ইঞ্জিনিয়ারিং করেছিল। তিনি বলেন, জুলাই সনদ মেনে নিলে বিএনপির সঙ্গে ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। জাতীয় ঐক্য গড়ে তুলে পাড়া-মহল্লায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, নির্বাচনে জামায়াতকে ঠেকাতে বিএনপি আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করেছিল বলে অভিযোগ রয়েছে। এ কারণে এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সরকার পারছে না। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, আওয়ামী লীগ বিদেশে অবস্থান করে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তাদের লক্ষ্য নিরীহ কর্মী-সমর্থকদের ব্যবহার করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং সরকারকে ব্যর্থ করা। গণভোটের রায় উপেক্ষা করে জুলাই সনদ বাস্তবায়ন না করায় জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। এই সনদ বাস্তবায়ন হলে জাতীয় ঐক্য অটুট থাকবে এবং জনগণ ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করবে।
তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সরকারের অতিরিক্ত ঘনিষ্ঠতা ও গোপন সমঝোতার রাজনীতি বন্ধ করতে হবে।
সমাবেশে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ডা. ফখরুদ্দিন মানিক, মাওলানা ইয়াছিন আরাফাত, ড. রেজাউল করিম ও দেলাওয়ার হোসেনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।