
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি মহিলা কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এ বছর কলেজটি থেকে মাত্র দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের দুজনই অকৃতকার্য হয়েছেন।
গত বছরও কলেজটির পাঁচ পরীক্ষার্থীর কেউ পাস করেননি। টানা দুই বছর শতভাগ অকৃতকার্যের ঘটনায় কলেজটির শিক্ষার মান, পাঠদান কার্যক্রম ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে দেশের ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে, এবার ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি।
গত বছর শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৫৪টি। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে, এ সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮টি।
শনিবার বেলা ১১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়।