
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম নওগাঁর ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শন করেছেন। গত সোমবার (২৩ নভেম্বর) তিনি নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার ও জাদুঘর পরিদর্শনে যান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি, বদলগাছী থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানসহ জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার পাহাড়পুর বৌদ্ধবিহারের প্রাচীন স্থাপত্যশৈলী, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি ঐতিহাসিক স্থাপনাটির গুরুত্ব ও সংরক্ষণের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।
উল্লেখ্য, নওগাঁর বদলগাছী উপজেলায় অবস্থিত পাহাড়পুর বৌদ্ধবিহার বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পাল আমলে নির্মিত এই প্রাচীন বৌদ্ধবিহার উপমহাদেশের বৌদ্ধ সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতির এক অনন্য স্মারক। ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় ১৯৮৫ সালে ইউনেসকো পাহাড়পুর বৌদ্ধবিহারকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।